স্বাধীনতার পর প্রথম বাসাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন আহমেদ আযম খান
টাঙ্গাইল-৮ (সখীপুর ও বাসাইল) আসনে স্বাধীনতার ৫৪ বছর পর বাসাইল উপজেলার একজন প্রার্থী সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার বিএনপির প্রার্থী আহমেদ আযম খান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, আহমেদ আযম খান পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ প্রতীক) পেয়েছেন ৭৬ হাজার ৪৮৬ ভোট। স্বাধীনতার পর এলাকার বাহির থেকে মনোনয়ন নিয়ে জাতীয় সংসদের প্রতিনিদিত্ব করেছেন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার জমিদার পরিবারের সন্তান হুমায়ুন খান পন্নী বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে এ আসনে সখীপুর উপজেলার প্রার্থীরাই জয়ী হয়ে আসছেন।
ভোটার সংখ্যার দিক থেকে সখীপুর এগিয়ে। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সখীপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৮১৪ জন। আর বাসাইল উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ১৩ জন। অতীতে ৯ বার সখীপুরের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে আওয়ামী লীগ থেকে চারবার নির্বাচিত হন শওকত মোমেন শাহজাহান। বঙ্গবীর কাদের সিদ্দিকী দু’বার আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ থেকে, অনুপম শাহজাহান জয় দুবার এবং জোয়াহেরুল ইসলাম একবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বাসাইল পৌরসভার বাসিন্দা আব্দুল বাসেত বাবলু বলেন, দীর্ঘদিন পর বাসাইলবাসী নিজেদের এলাকার একজন ‘মাটির সন্তান’কে সংসদ সদস্য হিসেবে পেলাম। আশাকরি, নতুন এমপি এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা উপলব্ধি করবেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, আহমেদ আয়ম খান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান। জিয়া পরিবারের সঙ্গে আছে তার ঘনিষ্ঠতা। আমাদের আশা আমাদের প্রিয় নেতা মন্ত্রী হবেন এবং বাসাইল-সখীপুরের ব্যাপক উন্নয়ন করবেন।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর আহমেদ আযম খান দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘কোনো প্রতিহিংসা পোষণ করবেন না, কোনো উসকানিমূলক পরিবেশ তৈরি করবেন না। বাসাইল-সখীপুরের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে।’ একই সঙ্গে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
আহমেদ আয়ম খান এর আগে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলেও জয়ী হতে পারেননি। এবার তৃতীয়বারের চেষ্টায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন।
স্থানীয়দের লোকজনের প্রত্যাশা, দীর্ঘদিনের আঞ্চলিক ভারসাম্যহীনতার আলোচনার পর বাসাইলের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় দুই উপজেলার মধ্যে সমন্বয় ও উন্নয়ন কর্মকান্ডে নতুন গতি আসবে।

No comments