আযম খানের ধানের শীষের পক্ষে এক হচ্ছেন ভোটাররা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    আযম খানের ধানের শীষের পক্ষে এক হচ্ছেন ভোটাররা

    ডা: সম্রাট, বিশেষ প্রতিবেদক

     

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে এবার বেশ শক্তিশালী হয়ে নির্বাচনী মাঠে লড়ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। নির্বাচনী মাঠে নামার পর থেকেই সাধারণ ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবার আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকায় তার জন্য জয়ের পথটা কিছুটা সহজ হয়েছে বলে ধারণা অনেকের। ইতোমধ্যেই ধানের শীষের এই প্রার্থী নির্বাচনী মাঠ অনেকটাই গুছিয়ে ফেলেছেন। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ায় আহমেদ আযম খান এবার সাধারণ ভোটারদের খুব সহজেই মন জয় করতে পারছেন।  

    আযম খানের ধানের শীষের পক্ষে এক হচ্ছেন ভোটাররা

    জানা গেছে, এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান (ধানের শীষ), ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা), লাবীব গ্রুপের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ‘দানবীর’ খ্যাত শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ), জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান (লাঙ্গল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী আওয়াল মাহমুদ (কোদাল) ও আলমগীর হোসেন (প্রজাপতি) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

    বিভিন্ন উঠান বৈঠক ও পথসভায় গিয়ে আহমেদ আযম খান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বাসাইল-সখীপুর উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও রাস্তা-ঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। প্রায় প্রত্যেকটি পথসভাতেই আহমেদ আযম খান দলমত নির্বিশেষে এবার ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা ও তাদের গ্রেফতারের বিষয়ে তিনি জড়িত নন বলে দাবি করেন। প্রায় ৩৫ বছর ধরে আহমেদ আযম খান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পদে নের্তৃত্ব দিয়েছেন তিনি। বিএনপির এই ত্যাগী নেতাকে সাধারণ ভোটারটা এবার মূল্যায়ন করবেন বলে দাবি আহমেদ আযম খানের। 

    এদিকে, সালাউদ্দিন আলমগীর রাসেল ও অধ্যাপক শফিকুল ইসলাম খানও বিভিন্ন প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। কাদের সিদ্দিকী নির্বাচনী মাঠে সালাউদ্দিন আলমগীরের পক্ষে ভোট চেয়ে পথসভা করছেন। এই আসনে আহমেদ আযম খান, সালাউদ্দিন আলমগীর রাসেল ও অধ্যাপক শফিকুল ইসলাম খানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। 

    নির্বাচনকে কেন্দ্র করে হামলা, নির্র্বাচনী কার্যালয় ভাংচুর ও তালা, বিলবোর্ড ছিঁড়ে ফেলাসহ পাল্টাপাল্টি নানা অভিযোগ রয়েছে নির্বাচনী মাঠে। এসব বিষয়টিকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এসব বিষয় নিয়ে প্রশাসনকে বেশ তৎপর দেখা যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।  

    সখীপুর উপজেলায় দুই লাখ ৫৭ হাজার ৪৩৩ ভোটার ও বাসাইল উপজেলায় এক লাখ ৫৭ হাজার ৩৯৭ ভোটার রয়েছে। এরমধ্যে বাসাইল উপজেলার চেয়ে সখীপুর উপজেলায় এক লাখ ৩৬ ভোট বেশি রয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728