বাসাইলে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে জরিমানা
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ী 'বুলবুল স্টোর' ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে অবৈধভাবে তেল মজুদ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে তেল বিক্রির জন্য 'বুলবুল স্টোর' ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম।
এ সময় তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে বাসাইল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। নির্ধারিত মূল্যে তেল বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে তেল বিক্রি ও অবৈধভাবে তেল মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ যদি অতিরিক্ত দামে তেল বিক্রয় ও অবৈধভাবে তেল মজুদ করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

No comments