টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

    সংবাদ বিজ্ঞপ্তি:

    জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন-এর যৌথ উদ্যোগে বুধবার টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দুটি স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

     

    ইউএনডিপি’র প্লাস্টিকস সার্কুলারিটি প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে প্রায় ১১০ জন পরিচ্ছন্নতা কর্মীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পেশাগত সুরক্ষা বিষয়ে সচেতনতা প্রদান করা হয়। আয়োজকরা জানান, স্থানীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই শ্রমজীবী জনগোষ্ঠী অনেক সময় প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকে—সেই প্রেক্ষাপটেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    ক্যাম্পে অংশগ্রহণকারী কর্মীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস স্ক্রিনিংসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। নারী কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্য ও ঋতুস্রাবকালীন পরিচর্যা বিষয়ে পৃথক পরামর্শ দেওয়া হয় এবং তাদের মাঝে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা সরঞ্জামসম্বলিত ‘ডিগনিটি কিট’ বিতরণ করা হয়।

    এলেঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা চন্দনা রানী সরকার অনুষ্ঠানে উপস্থিত থেকে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মৌলিক প্রয়োজন, এবং এ উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

    টাঙ্গাইল পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুর রহমান বলেন, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এসব কর্মীর অবদান অপরিসীম। তাদের সুস্থতা নিশ্চিত না হলে কাজের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়।

    স্থানীয় অংশীদার ইপসার সমন্বয়ে এবং চিকিৎসক দলের সহায়তায় ক্যাম্পগুলো বাস্তবায়িত হয়। এতে কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

    উদ্যোক্তারা জানান, প্লাস্টিকস সার্কুলারিটি প্রকল্পের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করে তাদেরকে টেকসই পুনর্ব্যবহারভিত্তিক অর্থনীতির সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728