ঘাটাইলে হয়রানিমূলক মামলার অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ঘাটাইলে হয়রানিমূলক মামলার অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন

    ঘাটাইল  (টাঙ্গাইল) প্রতিনিধি:

     

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
     
     
    ঘাটাইলে হয়রানিমূলক মামলার অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন

     
     শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ছয়ানী বকশিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।
     
    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আতর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, হুমকি-ধমকি এবং বিভিন্ন হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবিতে গত ১ আগস্ট সংবাদ সম্মেলন করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হয়ে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
     
    এলাকাবাসী অভিযোগ করেন, আতর আলীর অত্যাচারে তারা অতিষ্ঠ। যেসব জমি জবরদখল করে রাখা হয়েছে, সেগুলো প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া এবং যাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে, সেসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
     
    অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ছয়ানী বকশিয়া গ্রামের কৃতি সন্তান মো. শাহজাহান আলীর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাফর আলী, মোজাম্মেল হোসেন তুলা, মধুপুর দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কামরুল হাসান, ফরিদ খান, জিয়াউর রহমান জিয়া, রনি তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
    বক্তারা আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে জমি দখল ও হয়রানিমূলক মামলা বন্ধ করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728